লক্ষ্মীপুর শহর এখনো থমথমে, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর এখন কার্যত আতঙ্কের শহরে পরিণত হয়েছে। গত আট দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুর্বৃত্তদের হামলায় বিএনপি-জামায়াতের নয়জন নেতা-কর্মীসহ ১০ জন নিহত হওয়ার ঘটনায় শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। তার ওপর যৌথ বাহিনীর অভিযানের ফলে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা কয়েক দিন থেকেই ঘরছাড়া। এদিকে, ১৩ ডিসেম্বর গভীর রাতে জেলা জামায়াতের নায়েবে আমির ডা. ফয়েজ আহমঞ্চদকে বাসার ছাদে নিয়ে গুলি করে হত্যা করার দুই দিন পর র‌্যাবের ভয়ে শহর ছেড়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
গতকাল শুক্রবার লক্ষ্মীপুর শহর ছিল একেবারেই থমথমে। বৃহস্পতিবার রাতে শহরের মান্দারি এলাকায় অবস্থান নেওয়া সেনাবাহিনীর সদস্যরা গতকাল দিনভর টহল দেন। শহরে বিজিবি নেমেছে আগেই। অতিরিক্ত পুলিশও দায়িত্ব পালন করছে বেশ কিছুদিন থেকে। নাম প্রকাশ না করার শর্তে শহরের একাধিক ভুক্তভোগী ব্যক্তি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের ধরপাকড়ের লক্ষ্যে এসব বাহিনীর অভিযানে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
গতকাল ১৮-দলীয় জোটের একাধিক নেতা-কর্মীকে কয়েকবার ফোন দিলে তাঁদের ফোন বন্ধ পাওয়া গেছে। তাঁদের ১১ জন নেতার নাম উল্লেখ করে এবং তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে র‌্যাবের এক কর্মকর্তার মামলা দায়েরের পর থেকে এই জোটের অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে যান।
জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক হারুনুর রশিদ ব্যাপারী অজ্ঞাত স্থান থেকে প্রথম আলোকে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের অন্যায়ভাবে হত্যা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। জামায়াতের জেলা সেক্রেটারি মফিজুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেপরোয়া হয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করেছে। গত কয়েক দিনে সদর উপজেলায় তাঁদের দুজনসহ ১৮ দলের সাতজন নিহত হন। দুজন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে জেলা জামায়াতের নায়েবে আমির ডা. ফয়েজ আহমঞ্চদকে তাঁর উত্তর তেমুহনীস্থ বাসার ছাদে নিয়ে গুলি করে হত্যা করে র‌্যাব। স্ত্রী মার্জিয়া ফয়েজ ও জামায়াতের নেতা-কর্মীরা দাবি করেন, হত্যার পরে তাঁর স্বামীর লাশটি নিচে ফেলে দেওয়া হয়। চলে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা তাঁর ছেলেকেও হত্যা করা হবে বলে হুমকি দিয়ে যান। খোঁজ নিয়ে জানা গেছে, ডা. ফয়েজ আহম্মদের পরিবারের সদস্যরা র‌্যাবের ভয়ে গত বুধবার নিজ বাড়িঘর ছেড়ে ঢাকায় চলে গেছেন। রোববার গভীর রাতে র‌্যাব-১১-এর অভিযানে সদর উপজেলার দিঘলী ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান বাবুল (৪৮) নিহত হন। র‌্যাবের অভিযানের পর থেকে বিএনপির কর্মী মো. বেল্লাল হোসেন, আবদুল মান্নান ও সুমন নিখোঁজ ছিলেন। পরে মঙ্গলবার সকালে উপজেলার বটতলী বাজারের পূর্বপাশে খালপাড় থেকে আবদুল মান্নান ও সুমনের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর থানা পুলিশ।
লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বিক্ষিপ্ত সংঘর্ষে বেশ কয়েকজন মারা গেছেন। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।