লক্ষ্মীপুর শহরে পুলিশের সঙ্গে চারদলীয় জোটের নেতা-কর্মীদের সংঘর্ষ ও গুলিতে দুজন নিহত হওয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার শহরে বড় ধরনের গণমিছিল করার ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগ। এই কর্মসূচিকে দলটির শক্তির মহড়া বলে মনে করছেন অনেকে। ক্ষমতাসীন ও বিরোধীদের একের পর এক পাল্টাপাল্টি কর্মসূচিতে শহরে বাড়ছে উত্তেজনা।আওয়ামী লীগের দাবি, গত ২৯ জানুয়ারি পুলিশের সঙ্গে সংঘর্ষকালে চারদলীয় জোটের নেতা-কর্মীদের তাণ্ডবে আওয়ামী লীগের কর্মী আবুল কাসেমসহ দুজন নিহত ও ২৬ পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন ঘরবাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর চালায়।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহিম গতকাল প্রথম আলোকে জানান, ২৯ জানুয়ারি চার দলের নেতা-কর্মীদের তাণ্ডবের প্রতিবাদে আজকের এ গণমিছিলের আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে ১৫-২০ হাজার লোক আজ সকাল ১০টায় জেলা শহরের উত্তর তেমুহনীতে জড়ো হবে। এরপর শুরু হবে গণমিছিল।জানা গেছে, আজকের কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। উপজেলাগুলো থেকে কর্মী-সমর্থকদের আনতে ভাড়া করা হয়েছে প্রায় দেড় শ বাস। এই গণমিছিলের আয়োজনে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা। স্থানীয় আওয়ামী লীগের নেতারা এ অর্থের জোগান দেবেন।এদিকে, গত মাসের ওই সহিংস ঘটনার পর জেলার রাজনীতিতে ক্রমশ উত্তেজনা বাড়ছে। আওয়ামী লীগ ও বিএনপি একাধিকবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে লক্ষ্মীপুরকে অশান্ত করার জন্য একে অপরকে দায়ী করেছে। এর মধ্যে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ১৮ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর আসছেন।নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী এ প্রতিবেদককে জানান, শহরে শক্তির মহড়া প্রদর্শনের জন্যই আজকের এ গণমিছিলের আয়োজন করেছে আওয়ামী লীগ। এতে জেলায় রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে।জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান জানান, ক্ষমতাসীন দলের এ মিছিল আসলে শক্তির মহড়া। এতে জনমনে আতঙ্ক বাড়বে।তবে আওয়ামী লীগের নেতা মিজানুর রহিম বলেন, এটি শক্তির মহড়া নয়, চারদলীয় জোটের তাণ্ডবের প্রতিবাদ।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার জানান, শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাবে।