লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ ব্যবসায়ীদের
বিভিন্ন দাবিতে গতকাল সোমবার লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে বণিক সমিতি। এ ছাড়া লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের সব দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এরপর বিক্ষোভ মিছিল করা হয়। ব্যবসায়ীরা বলেন,মাত্রাতিরিক্ত অর্থদণ্ড, লক্ষ্মীপুর বাজারের দোকানের ভূমি উন্নয়ন কর গ্রহণ না করা ও ব্যাংকে কয়েন না নেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি এ কে এম সালাহ উদ্দিন, সহসভাপতি আবদুল আজিজ,
যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজ উল্লাহ, ক্রীড়া সম্পাদক এহতেশাম হায়দার।
জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী ব্যবসায়ীদের দাবি বিবেচনা করার আশ্বাস দেন। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়ে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।