লক্ষ্মীপুর সরকারি কলেজে ছাত্রলীগের তালা
স্নাতক (সম্মান) প্রথম বর্ষে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগে গতকাল রোববার লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রশাসনিক ভবনের ফটকে তালা দেয় ছাত্রলীগ। পরে তালা খুলে দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কলেজের প্রশাসনিক ভবনের ফটক বেলা একটা থেকে আড়াইটা পর্যন্ত তালাবদ্ধ করে রাখা হয়। তালা দেখে ভর্তি-ইচ্ছুক অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে যান। কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত ফির চেয়ে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকা বেশি আদায় করছে। এই টাকার জন্য কোনো রসিদও দেওয়া হয় না। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে তালা দেওয়া হয়।কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক বেলায়েত হোসেন বলেন, ‘সব শিক্ষক কলেজ মিলনায়তনে ছিলেন। বেলা একটার দিকে দেখা যায়, প্রশাসনিক ভবনের সব কটি ফটকে তালা মেরে দেওয়া হয়েছে। পরে আড়াইটার দিকে তালা খুলে দেওয়া হয়।’ অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ অস্বীকার করে কলেজের অধ্যক্ষ মো. সোলায়মান বলেন, ‘তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ছাত্রনেতাদের সঙ্গে একটু সমস্যা হয়েছিল। পরে মিটমাট হয়।’