লক্ষ্মীপুর-১ আসনে নৌকা প্রতীকে তরীকতের প্রার্থী জয়ী
দশম জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত সাত আসনে ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। আজ বৃহস্পতিবার সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।
এই সাতটি আসনের মধ্যে লক্ষ্মীপুর-১ আসনে তরীকত ফেডারেশনের এম এ আউয়াল নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৮ হাজার ৯৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শফিকুল ইসলাম (আনারস) পেয়েছেন ২১ হাজার ৮১৬ ভোট।
এটি নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে তরীকত ফেডারেশন দুটো আসন পেল।
লক্ষ্মীপুর-১ আসনের ৮১টি ভোটকেন্দ্রের মধ্যে আজ স্থগিত হওয়া ২১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে মোট ভোটার ৫০ হাজার ৯২। আজ এম এ আউয়াল ১৬ হাজার ৯৩৩, মো. শফিকুল ইসলাম ৯০৫ ও জাপার মাহমুদুর রহমান মাহমুদ (লাঙ্গল) ৩০৮ ভোট পেয়েছেন। ৩১৭টি ভোট বাতিল হয়।
৫ জানুয়ারির নির্বাচনের দিনে এম এ আউয়াল ৩২ হাজার ৫৭, মো. শফিকুল ইসলাম ২০ হাজার ৯১১ ও মাহমুদুর রহমান মাহমুদ ১ হাজার ৯৫৮ ভোট পেয়েছিলেন।
আজ সন্ধ্যায় ভোটের ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের সহিংসতার মুখে ব্যালট পেপার ছিনতাই ও ভোটকেন্দ্রে আগুন দেওয়ার কারণে ছয় জেলার আটটি আসনের ৩৯২টি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।
স্থগিত হওয়া ওই আটটি আসনের মধ্যে আজ সাতটিতে আবার ভোট গ্রহণ করা হয়। হাইকোর্টের নিষেধাজ্ঞায় কুড়িগ্রাম-৪ আসনের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ পুনরায় স্থগিত করা হয়। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনের রিটের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
সহিংসতার কারণে স্থগিত হওয়া আসনগুলোর মধ্যে দিনাজপুর-৪ আসনের ১২০টির কেন্দ্রের মধ্যে ৫৭টি, গাইবান্ধা-১ আসনের ১০৯টির মধ্যে ৫৪টিতে, গাইবান্ধা-৩ আসনের ১৩০টির মধ্যে ৮০টিতে, গাইবান্ধা-৪ আসনের ১৩০টির মধ্যে ৭২টিতে, বগুড়া-৭ আসনের ১৬১টির মধ্যে ৪৬টিতে, যশোর-৫ আসনের ১২২টির মধ্যে ৬০টিতে এবং লক্ষ্মীপুর-১ আসনের ৮১টির মধ্যে ২১টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে।