লক্ষ্মীপুর-১ আসনে শান্তিপূর্ণভাবে ভোট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক সহিংসতার কারণে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ৮১টির মধ্যে স্থগিত ২১টি ভোটকেন্দ্রে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ চলছে। ভোট উপলক্ষে কেন্দ্রগুলোর ভেতর ও বাইরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে রামগঞ্জ উপজেলার মাছিমপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের ভেতরে ও বাইরে আনসার, পুলিশ, র্যাব ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন। তবে ভোটার উপস্থিতি কম।

গত ৫ জানুয়ারি ওই কেন্দ্রে সহিংসতার ঘটনায় এক শিবিরকর্মী নিহত হন। সহিংসতার কারণে লক্ষ্মীপুর-১ আসনের এ কেন্দ্রটিসহ মোট ২১টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। তবে আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত এখানকার কোনো কেন্দ্রে সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মাহবুবুর রহমান জানিয়েছেন, এখানে মোট ভোটার তিন হাজার ৬৫৪ জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১০০টি।

লক্ষ্মীপুর-১ আসনে নৌকা মার্কার প্রার্থী তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শফিকুর রহমান।

শফিকুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। নির্বাচন করছেন না। মামলা-হামলার ভয়ে তাঁর এজেন্ট ও কর্মী-সমর্থকেরা এলাকায় নেই। এ কারণে ভোটকেন্দ্রে এজেন্ট দেওয়া সম্ভব হয়নি। ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি। 

তবে এ বিষয়ে প্রশাসনের কাছে কোনো তথ্য নেই।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের সহিংসতার মুখে ব্যালট পেপার ছিনতাই ও ভোটকেন্দ্রে আগুন দেওয়ার কারণে ছয় জেলার আটটি আসনের ৩৯২ ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া ওই আটটি আসনের মধ্যে সাতটিতে ভোট গ্রহণ আজ সকাল আটটায় শুরু হয়েছে। একটানা বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া চলবে। হাইকোর্টের নিষেধাজ্ঞায় কুড়িগ্রাম-৪ আসনের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ পুনরায় স্থগিত করা হয়েছে।

সহিংসতার কারণে স্থগিত হওয়া আসনগুলো হলো দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, গাইবান্ধা-১, ৩ ও ৪, বগুড়া-৭, যশোর-৫ এবং লক্ষ্মীপুর-১। স্থগিত ভোটকেন্দ্রের সংখ্যা ৩৯২টি। কুড়িগ্রামের দুটি কেন্দ্র কমে যাওয়ায় আজ ৩৯০টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে।

[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন এ বি এম রিপন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি]