লক্ষ্মীপুর-১ আসনের ২১ কেন্দ্রে আজ ভোট
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ২১ কেন্দ্রে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হবে। সহিংসতা রোধে কেন্দ্রগুলোতে ৮০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রয়েছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আনসার। তার পরও শঙ্কিত ভোটাররা।
৫ জানুয়ারি কমপক্ষে ৪০টি ভোটকেন্দ্রে সহিংস ঘটনা ঘটে। মাছিমপুর কেন্দ্রে পুলিশের গুলিতে নিহত হন শিবিরের কর্মী রুবেল। তিনটি কেন্দ্র পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ছিনিয়ে নেয় পুলিশের অস্ত্র। এ কারণে ওই দিন ২১টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। স্থগিত জয়পুরা, রাঘবপুর, কাওয়ালীডাঙ্গা, নিচহরা, নোয়াগাঁও-১, নোয়াগাঁও-২, নারায়ণপুর, নয়নপুর, শ্রীরামপুর, রসুলপুর, দরবেশপুর, বদরপুর, নাগমুদ, মাছিমপুর, নুনিয়াপাড়া, কালিকাপুর, সোন্দড়া, উত্তর হরিশ্চর, পানিয়ালা, হোসনাবাদ ও কাশিমনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ ভোট গ্রহণ করা হবে। চণ্ডিপুর ইউনিয়নের কামারহাট এলাকার কামারবাড়ির আবপদ কর্মকার ও বাবুল কর্মকার জানান, তাঁরা মাছিমপুর কেন্দ্রের ভোটার। ৫ তারিখের ভোটের দিন এখানে ব্যাপক সহিংস ঘটনা ঘটে। একজন নিহত হন। এ কারণে হিন্দু ভোটাররা আতঙ্কিত।
এদিকে গতকাল বুধবার স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম অভিযোগ করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ইসাপুরসহ কয়েকটি ইউনিয়নের সাত-আটজন কর্মীর বাড়ি ভাঙচুর করেছে নৌকা প্রতীকের প্রার্থী এম এ আউয়ালের লোকজন। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, যাতে কেউ আমার এজেন্ট না হন।’