লক্ষ্মীপুর-১ ও ৪ আসনে ১০৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ৮১টি ভোটকেন্দ্রের ৩৪টি এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে ১০৯টি কেন্দ্রের মধ্যে ৭২টি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে জেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় পুলিশ।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-১ আসনে নন্দনপুর, সাতারপাড়া, আউগানখিল, গাজিপুর, কমরতলা, কমরদিয়া, পশ্চিম ভাদুর, পশ্চিম আঙ্গারপাড়া, বিঘা, কাজিরখিল, আশার কোটা, শিবপুর, নয়নপুর, নারায়ণপুর, শ্রীরামপুর, চণ্ডীপুর, কাশিমনগর, কালিকাপুর, পশ্চিম শোশালিয়া, আলীপুর, পশ্চিম করপাড়া, পূর্ব করপাড়া, রতনপুরসহ ৩৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।
এ আসনে আওয়ামী লীগের সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী মো. সফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। গত রোববার রাতে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া ১৪-দলীয় জোটের প্রার্থী তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়ালের সমর্থকেরা তাঁর কর্মীদের হুমকি দিচ্ছেন।
এ ছাড়া আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা বিনা ভোটে নৌকাকে জয়ী করার জন্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। এমনকি তাঁরা নির্বাচনের দিন কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নৌকাকে বিজয়ী করার পরিকল্পনা করছেন।
এদিকে ১৪-দলীয় জোটের প্রার্থী এম এ আউয়াল বলেন, উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নৌকার পক্ষে মাঠে নেমেছেন। আনারস প্রতীকের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, তা সত্য নয়। নৌকার বিজয়ের মাধ্যমে লক্ষ্মীপুরের অলক্ষ্মী দূর হবে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম জানান, ঝুঁকিপুর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে।
মাহবুবুল আলম আরও বলেন, অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নিলে কেন্দ্র দখলের আশঙ্কা থাকবে না। যদি কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দেয়, তাহলে নির্বাচনী আইন অনুযায়ী সেই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে ১০৯টি কেন্দ্রের ৭২টিই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে কমলনগর উপজেলায় ১৫টি ও রামগতি উপজেলায় ৫৭টি কেন্দ্র রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ জানান, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।