লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচন প্রশ্নে রুল
জাতীয় সংসদের লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের নির্বাচন বাতিল করে কেন আসনটিতে পুনরায় নির্বাচনের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চ গতকাল মঙ্গলবার এক আবেদনের শুনানি নিয়ে এ রুল দেন।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে আওয়ামী লীগের মোহাম্মদ আবদুল্লাহ সাংসদ নির্বাচিত হন। কিন্তু ভোট গ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টের নির্বাচনী বেঞ্চে ৭ ফেব্রুয়ারি আবেদন করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী।
গতকাল আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আবদুর রব চৌধুরী। তাঁকে সহায়তা করেন আইনজীবী মো. গিয়াস উদ্দিন। পরে গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ৯০ শতাংশ কেন্দ্র থেকে আজাদ উদ্দিন চৌধুরীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার, জেলা রিটার্নিং কর্মকর্তা, রামগতি ও কমলনগর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সাত বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।