লক্ষ্মীপুর-৪ আসনের নির্বাচন নিয়ে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর-৪ আসনের নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং আসনটিতে পুনরায় নির্বাচনের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ রুল দেন।

নির্বাচন কমিশন, জেলা রিটার্নিং অফিসার, রামগতি ও কমলনগর উপজেলার সহকারী রিটার্নিং অফিসারসহ সাত বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৮ জানুয়ারি গেজেট হয়। গেজেটে ওই আসনের সাংসদ হিসেবে আওয়ামী লীগের মোহাম্মদ আব্দুল্লাহর নাম উল্লেখ করা হয়।

ওই আসনটির স্বতন্ত্র প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী ভোটে অনিয়মের অভিযোগ এনে ৭ ফেব্রুয়ারি হাইকোর্টের নির্বাচন-সংক্রান্ত আদালতে আবেদন করেন।

আজাদ উদ্দিন চৌধুরীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. আবদুর রব চৌধুরী। রুল জারির বিষয়টি জানিয়ে প্রথম আলোকে তিনি বলেন, আজাদ উদ্দিন চৌধুরীর এজেন্টদের ৯০ শতাংশকে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।