লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে
লক্ষ্মীপুর শহরের হকার্স মার্কেট ও ভক্তের গলিতে গতকাল শনিবার ভোরে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল ভোর ছয়টার দিকে ভক্তের গলির কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ভক্তের গলির হাজি স্টোর, একতা হার্ডওয়্যার, সেলিম ক্রোকারিজ ও জননী হার্ডওয়্যার এবং হকার্স মার্কেটের ইব্রাহিম টেইলার্স, আলামিন টেইলার্স, নুর এমব্রয়ডারি, ফখরুল ট্রেডার্স, হোসেন ইলেকট্রনিকসসহ মোট ১১টি দোকান পুড়ে যায়।ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, স্থানীয় লোকজন এবং লক্ষ্মীপুর ও চৌমুহনী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে আটটি দোকানের বেশি ক্ষতি হয়েছে।