লক্ষ্মীপুরে অতিবৃষ্টিতে ৫০ কোটি টাকার ফসল বিনষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর ও কমলনগর উপজেলায় অতিবৃষ্টিতে ১০ হাজার ৫৮২ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। এতে কৃষকদের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অতিবৃষ্টিতে সদর উপজেলায় দুই হাজার ৬৫ হেক্টর জমির সয়াবিন, ৬৪০ হেক্টর জমির বাদাম, ৭০০ হেক্টর জমির আউশ ধান, এক হাজার ৬৫ হেক্টর জমির শাকসবজি ও ১৯০ হেক্টর জমির বীজতলা বিনষ্ট হয়েছে। এ ছাড়া কমলনগর উপজেলায় দুই হাজার ৫০০ হেক্টর জমির সয়াবিন, দুই হাজার হেক্টর জমির বাদাম ও ৫০০ হেক্টর জমির আউশ ধান বিনষ্ট হয়েছে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার তেওয়ারীগঞ্জ, ভবানীগঞ্জ, দিঘলী ও কুশাখালী ইউনিয়নের সয়াবিন, বাদামসহ অন্যান্য ফসল পানির নিচে।তেওয়ারীগঞ্জ ইউনিয়নের নুরুল আলম বলেন, তিনি সাত একর জমিতে সয়াবিন ও দুই একর জমিতে বাদাম চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে তিনি ফসল তুলতে পারেননি। ফসল হারিয়ে হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক, চরমটুয়া ও চর মনসা গ্রামের শত শত কৃষক। ক্ষতিপূরণের জন্য সম্প্রতি তেওয়ারীগঞ্জ বাজারে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত চাষিরা। এ ছাড়া কুশাখালী ইউনিয়নের কাঁঠালী গ্রামের কৃষক আবদুস ছাত্তার বলেন, তিনি দুই একর জমিতে সয়াবিন ও এক একর জমিতে বাদাম চাষ করেছেন। বৃষ্টির কারণে খেতের ফসল নষ্ট হয়ে গেছে।এদিকে কৃষকেরা বলছেন, বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় আমন ধানের চারা নিয়ে বিপাকে পড়বেন অনেক কৃষক।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লক্ষ্মীপুর কার্যালয়ের উপপরিচালক ওসমান খান বলেন, অতিবৃষ্টিতে সদর উপজেলার ২৭ কোটি আট লাখ ও কমলনগর উপজেলার ২২ কোটি ২২ লাখ টাকার ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। এ তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।