লক্ষ্মীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র জানায়, গতকাল শনিবার চন্দ্রগঞ্জ বাজারে দ্বিতীয় দিনের অভিযানে মৌচাক মার্কেটের আংশিকসহ মুক্তিযোদ্ধা খাল ও ওয়াপদা খালের ওপর নির্মিত ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া এক সপ্তাহ ধরে উচ্ছেদ অভিযান চালিয়ে সদর উপজেলার জকসিন বাজার, মান্দারী বাজার, চরচামিতা বাজার ও হাজিরপাড়া বাজারে সড়ক ও জনপদ বিভাগের জমি থেকে শতাধিক দোকানঘর উচ্ছেদ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে সড়ক ও জনপদ বিভাগের শত কোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, অভিযানের সময় সদর উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) সমর কান্তি বসাক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।