লক্ষ্মীপুরে অর্ধদিবস ধর্মঘট পালন করলেন ব্যবসায়ীরা
হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলা শহরের সব দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেছেন।ধর্মঘট শেষে শহরের চকবাজার বণিক সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য দেন জেলা বণিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল হুদা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, আবুল কালাম আজাদ, ফজলুল করিম, জুয়েল প্রমুখ।লক্ষ্মীপুর বণিক সমিতির সদস্য ও সেলিম এন্টারপ্রাইজের মালিক সেলিমের কাছে ৫০ হাজার টাকা চাঁদা চেয়ে না পেয়ে ২৫ জুলাই লক্ষ্মীপুর জেলা সৈনিক লীগের সভাপতি আবদুর রহিমের নেতৃত্বে সন্ত্রাসীরা শাড়িমহলে হামলা চালায়। এ সময় শাড়িমহলের মালিক দেলোয়ার হোসেনসহ পাঁচজন গুরুতর আহত হন। এ ঘটনায় ব্যবসায়ীরা সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য সময় বেঁধে দেন।