লক্ষ্মীপুরে স্থগিত চার কেন্দ্রের নির্বাচন ব্যাপক জাল ভোট ও কেন্দ্র দখলের মধ্যে দিয়ে আজ বুধবার সম্পন্ন হয়েছে।
এদিকে দুপুরে সদর উপজেলা মান্দারী ফাতেমা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র এলাকা থেকে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন রুবেল পাটওয়ারী ও দত্তপাড়া ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সভাপতি আতিকুল আলমকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে বিজিবি।
এদিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. হাফিজ উল্লাহ (মাইক) ১ লাখ ১৭ হাজার ২১১ ভোট পেয়ে ৭৫৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত-সমর্থিত প্রার্থী মো. নাছির উদ্দিন। তিনি পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৫৬ ভোট।
ভোট গ্রহণের সময় সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পশ্চিম জামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চারটি ভোটকেন্দ্রের আশপাশের এলাকায় ব্যাপক বোমাবাজি করেছেন মো. হাফিজ উল্লাহর সমর্থকেরা। এতে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। এর ফলে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একবারে কম। কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকার সুযোগে মো. হাফিজ উল্লাহর কর্মীদের প্রতাপগঞ্জ, মান্দারী ফাতেমা উচ্চবিদ্যালয়, পশ্চিম জারিতলী ও উত্তর চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করে জাল ভোট দিতে দেখা গেছে।
এ ব্যাপারে মান্দারী ফাতেমা উচ্চবিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আমীর হোসেন ও প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নরুল ইসলাম জানান, ‘বিভিন্ন বুথের এজেন্টদের অভিযোগের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’
এদিকে বেলা একটার দিকে মান্দারী ফাতেমা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন রুবেল পাটওয়ারী, যুবলীগের নেতা আতিকুল আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী কেন্দ্রের বাইরে অস্ত্রের মহড়া দেয়। এ সময় বিজিবির সদস্যরা তাঁদের হাতেনাতে আটক করেন। আটক দুজনের কাছ থেকে তিনটি এলজি ও ৩৬টি গুলি উদ্ধার করা হয়। তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
ছাত্রলীগের নেতা আটকের বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান পাটওয়ারী বলেন, সৌরভ হোসেন রুবেল ও আতিকুল আলম প্রশাসনের ষড়যন্ত্রের শিকার হয়ে আটক হয়েছেন।
জামায়াত-সমর্থিত প্রার্থী মো. নাছির উদ্দিন অভিযোগ করে বলেন, ‘ব্যাপক জাল ভোট, কেন্দ্র দখল ও বোমাবাজি করে আমার বিজয়কে কেড়ে নিয়েছে আওয়ামী লীগ।’
এ ব্যাপারে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর জয় হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, ছাত্রলীগ ও যুবলীগের দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।