লক্ষ্মীপুরে অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতার আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে দুটি হত্যাসহ কয়েকটি মামলার আসামি ছাত্রলীগের সাবেক নেতা নিজাম উদ্দিন ওরফে মুন্না গতকাল মঙ্গলবার দুপুরে অস্ত্র ও গুলিসহ সদর থানায় আত্মসমর্পণ করেছেন৷
নিজাম (৩০) জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন৷ তাঁর বাড়ি সদর উপজেলার হাজিরপাড়া এলাকায়৷ তাঁর বিরুদ্ধে সদর থানায় দুটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তিনি অস্ত্রসহ একাধিক মামলার আসামি৷
জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জামাল বলেন, নিজাম তিন দিন আগে পদত্যাগ করেছেন৷ ছাত্রলীগের সঙ্গে তঁার আর কোনো সম্পর্ক নেই৷
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার পূর্বাঞ্চলে প্রায়ই হত্যাকাণ্ড ঘটছে৷ গত রোববার রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আবু নোমানকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে৷ এ ঘটনার জের ধরে আধা ঘণ্টা পর একই ইউনিয়নের যুবদলের কর্মী জাহাঙ্গীরকে গুলি করে হত্যা করা হয়৷ অভিযোগ রয়েছে, ওই এলাকায় একাধিক সন্ত্রাসী বাহিনী রয়েছে৷ নিজামেরও একটি সন্ত্রাসী বাহিনী আছে৷ তিনি ওই বাহিনীর প্রধান৷
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রথম আলোকে জানান, আত্মসমর্পণের সময় নিজাম অবৈধ রিভলবার ও ১৯৮টি গুলি জমা দিয়েছেন৷