লক্ষ্মীপুরে আ.লীগ ও বিএনপির সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভবানীগঞ্জ ইউনিয়নের মেঘনা বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে বিএনপি ও যুবদলের কর্মীরা অবরোধের সমর্থনে মেঘনা বাজারে মিছিল বের করেন। পরে তাঁরা মেঘনা বাজারে সড়কের ওপর অবরোধ সৃষ্টি করলে আওয়ামী লীগের স্থানীয় নেতারা তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বাজারের একটি হোটেল ও একটি ওষুধের দোকানে হামলা চালানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সাইফুল হাসান ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেন।
ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম অভিযোগ করেন, ‘বিএনপির কর্মীদের মিছিল থেকে আমাদের নেতা-কর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সংঘর্ষে আওয়ামী লীগের প্রায় ১০ জন নেতা-কর্মী আহত হন।’