লক্ষ্মীপুর সদর উপজেলায় ইসমাইল হোসেন ওরফে খোকন (৪০) নামের আরও একজন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন৷ গত সোমবার রাতে পুলিশ তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে৷ এ নিয়ে গত ছয় মাসে লক্ষ্মীপুর জেলায় ৩৬ জন খুন হলেন৷
ইসমাইলের পরিবারের অভিযোগ, পুলিশ তাঁকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে৷ তবে পুলিশ বলছে, দুটি সন্ত্রাসী বাহিনীর মধ্যে গুলিবিনিময়ে ইসমাইলের মৃত্যু হয়েছে৷ তিনি সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের মৃত আলী আহমেদের ছেলে৷
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের চার কর্মকর্তাকে অন্যত্র বদিলর আদেশ দেওয়া হয়েছে। তাঁরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, গোয়েন্দা পুলিশের ওসি আবদুল ওহিদ, কোর্ট পুলিশের পরিদর্শক মোসলেহ উদ্দিন ও কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর জব্বার।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, লক্ষ্মীপুরে এসব কর্মকর্তা দীর্ঘ সময় কাজ করেছেন। নিয়ম মোতাবেক তাঁদের বদলি করা হয়েছে।
নিহত ইসমাইলের বড় ভাই সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাসেম অভিযোগ করেন, ইসমাইল একটি বিয়ের দাওয়াত খেতে সোমবার দুপুরে বাড়ি থেকে বের হন। পুলিশ সন্ধ্যার দিকে তিতারকান্দি বাজার থেকে তাঁকে আটক করে সাদা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তিনি দাসের হাট পুলিশ ফাঁড়ি, সদর থানা ও ডিবি পুলিশ কার্যালয়ে যোগাযোগ করেন৷ কিন্তু তাঁর ভাইয়ের সন্ধান পাননি। এরপর রাত একটার দিকে জানতে পারেন, দিঘলী বাজারের পাশে দুর্গাপুর গ্রামে তাঁর ভাই গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে তাঁর মৃত্যু হয়। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন৷
তবে থানার পুলিশ জানায়, সোমবার রাতে দিঘলী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় ইসমাইল দুই পায়ে গুলিবিদ্ধ হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, ‘সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে সন্ত্রাসী ইসমাইল গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ, তা সত্য নয়।’
ইসমাইলের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ২০০৩ সালে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিয়ে করেন। কয়েক মাস পর সেই বিয়ে ভেঙে যায়৷ পরে তিনি আর বিয়ে করেননি৷