লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির এক নেতাকে র‌্যাব-ডিবি পরিচয়ে অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের এক নেতা খুন হলেন। তাঁর নাম মোহাম্মদ আলী (৪২)। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগী গ্রাম থেকে তাঁর জবাই করা লাশ উদ্ধার করা হয়। তিনি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য।
এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির কোম্পানীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। লুটপাট করা হয়েছে একটি মোটরসাইকেল ও স্বর্ণালংকারসহ দামি জিনিসপত্র।
এর আগে গত বুধবার ভোররাতে চট্টগ্রামের পতেঙ্গায় এক আত্মীয়ের বাসা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির (পূর্ব) সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে তুলে নিয়ে যাওয়া হয়। ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার গত রাত সাতটায় জানান, এখনো তাঁর স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি আগের দিন এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর স্বামীকে ধরে নিয়ে গেছেন। যদিও র‌্যাব এই অভিযোগ অস্বীকার করেছে।
নিহত আওয়ামী লীগ নেতা মোহামঞ্চদ আলীর বড় ছেলে শরীফ উদ্দিন জানান, প্রতিপক্ষের ভয়ে গত ডিসেম্বর থেকে তাঁর বাবা প্রায়ই অন্যের বাড়িতে রাতে ঘুমাতে যেতেন। বুধবার রাত ১০টা পর্যন্ত তিনি বাড়িতে ছিলেন। এরপর একটি ফোন পেয়ে অন্যের বাড়িতে ঘুমাতে যাওয়ার কথা বলে তিনি বের হয়ে যান। পরে গতকাল সকাল আটটার দিকে নলডগী গ্রামের ফোরাখালী খাল পাড়ে তাঁরা একটি মৃতদেহ পড়ে থাকার খবর জানতে পারেন। পরে সেখানে গিয়ে দেখতে পান, লাশটি তাঁর বাবার।
শরীফ উদ্দিন জানান, তাঁর বাবার সঙ্গে জমিজমা নিয়ে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির ও তাঁর ভাই মো. জামালের বিরোধ চলে আসছিল। তিনি অভিযোগ করেন, হুমায়ুন কবির ও তাঁর ভাই জামালই তাঁর বাবাকে হত্যা করেছেন। বাড়ি থেকে বের হওয়ার পরপরই তাঁকে তুলে নিয়ে নৃশংসভাবে খুন করা হয়।
প্রতিবেশী আবদুল করিম জানান, মোহামঞ্চদ আলীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। তাঁর দুই পায়ের রগও কাঁটা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে রয়েছে কোপের চিহ্ন।
এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড অভিহিত করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন বলেন, ‘আমরা এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করছি।’
বাড়িতে আগুন, লুটপাট: বিএনপির নেতা হুমায়ুন কবিরের ভাই মো. জামালের স্ত্রী জেসমিন আক্তার জানান, ইউপি সদস্য মোহাম্মদ আলীর লাশ উদ্ধারের পর তাঁর দলের শতাধিক নেতা-কর্মী সকাল ১০টার দিকে তাঁদের (হুমায়ুন কবির) বাড়িতে হামলা চালান। হামলাকারীরা বসতঘর ও রান্নাঘরে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন। এতে ঘরের আসবাবপত্র পুড়ে যায়। তাণ্ডব শেষে একটি মোটরসাইকেলসহ ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
এ ব্যাপারে মোহামঞ্চদ আলীর ছেলে শরীফ উদ্দিন বলেন, ‘কে বা কারা হামলা করেছে তা আমরা জানি না।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ইউপি সদস্যের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, ‘হুমায়ুন কবিরের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ব্যাপারে আমরা অবগত নই।’