লক্ষ্মীপুরে আ.লীগের সাংসদ বললেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সাংগঠনিক যে অবস্থা, তাতে আগামী ৪০ বছরেও আওয়ামী লীগ এখানে কোনো আসন পাবে না।’ গতকাল বুধবার লক্ষ্মীপুর সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের দায়িত্ব পাওয়া সংরক্ষিত নারী সাংসদ আসমা জেরিন এই মন্তব্য করেন। আওয়ামী লীগের সাংসদ আসমা জেরিন বলেন, ‘আমি এই এলাকার মেয়ে নই। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এই এলাকার দায়িত্ব নিয়েছি। আপনারা আমাকে সহযোগিতা না করলে প্রয়োজনে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে দায়িত্ব থেকে অব্যাহতি নেব।’ আসমা জেরিন বলেন, ‘আমি দুর্নীতি ও অন্যায় করিনি। জামায়াত ও বিএনপির লোকদের চাকরির জন্য তদবির করেন আওয়ামী লীগের কিছু নেতা। আমি তাতে সুপারিশ না করায়, ওই সব নেতা আমার সঙ্গে অসহযোগিতা শুরু করেন।’ তিনি বলেন, আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরন্নবী চীেধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের জেলা কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক জসীম উদ্দিন, প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বকুল প্রমুখ।সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, নারী সাংসদ জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ না করে এলাকায় কাজ করছেন। তাঁর বিভিন্ন অনিয়ম, দুর্নীতিতে ক্ষুব্ধ হয়ে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের জ্যেষ্ঠ নেতারা ওই মতবিনিময় সভায় যোগ দেননি।