লক্ষ্মীপুরে আইনজীবীদের আদালত বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণকাজকে কেন্দ্র করে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ এবং মুখ্য বিচারিক হাকিমের আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছেন আইনজীবীরা। গতকাল রোববার সকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুর নুরের সভাপতিত্বে সমিতির কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আদালত সূত্র জানায়, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এক মাস ধরে নতুন আরেকটি ভবন নির্মাণ করা হচ্ছিল। যে জায়গায় ভবন তৈরি করা হচ্ছিল, তা নিজেদের সম্পত্তি বলে দাবি করে আসছেন আইনজীবীরা। সম্প্রতি জেলা ও দায়রা জজ আদালতের একজন বিচারক ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আইনজীবী সমিতিকে ভবনের নির্মাণকাজ বন্ধ করার জন্য অনুরোধ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আইনজীবীরা গতকাল থেকে আদালত বর্জনের ঘোষণা দেন এবং আদালত চত্বরে বিক্ষোভ করেন।
আইনজীবীরা জানান, গত শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দেন। জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা বলেন, জায়গাটি আইনজীবী সমিতির নয়।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ এইচ এম আবদুর নুর গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, নতুন ভবনটি নির্মাণ করছে আইনজীবী সমিতি। কিন্তু ওই জায়গায় পাম্প হাউস নির্মাণের জন্য গণপূর্ত বিভাগকে দিয়ে দরপত্র আহ্বান করা হয়েছে। ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে তাঁরা গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য জেলা ও দায়রা জজ এবং মুখ্য বিচারিক হাকিমের আদালত বর্জন শুরু করেছেন।