লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই নেতাকে হত্যা
লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলা থেকে আওয়ামী লীগের দুই নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবারের ভাষ্য, তাঁদেরকে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান ভূঁইয়া (৫০)। অপরজন রায়পুর উপজেলার রায়পুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ (৪৭)।
আবদুল মান্নান ভূঁইয়াকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোররাতে রামপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও বিভিন্ন সূত্রের ভাষ্য, গতকাল বুধবার রাত ১১টার দিকে কে বা কারা মান্নানকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নেয়। ১২টার দিকে বাড়িসংলগ্ন রাস্তার পাশে তাঁর গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন।
দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, মান্নানকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁর লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ সকাল সাতটার দিকে জেলার রায়পুর উপজেলার চরপাতা গ্রাম থেকে আবদুল মজিদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির ফুফাতো ভাই মিজানুর রহমানের ভাষ্য, দুর্বৃত্তরা রাতে মজিদকে শ্বাসরোধে হত্যা করেছে। পরে তাঁর লাশ রাস্তার পাশে ফেলে রাখা হয়।
পরিবারের দাবি, পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল বাশার জানিয়েছেন, মজিদের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে তাঁর শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।