লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর শহরের কাছে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের মিয়ার রাস্তার মাথা এলাকায় ওই ঘটনা ঘটে।

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন জানান, গুরুতর আহত অবস্থায় ইউসুফ আলীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাঁকে ঢাকায় পাঠানো হয়।

নুরুল আমিন আরও জানান, উপজেলা আওয়ামী লীগের একটি সভায় যোগ দিতে মোটরসাইকেল নিয়ে লক্ষ্মীপুর থেকে কমলনগর যাচ্ছিলেন ইউসুফ আলী। ঘটনাস্থলে পৌঁছালে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা মোটরসাইকেলের গতিরোধ করে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়।

এদিকে ইউসুফ আলীকে কুপিয়ে জখম করার অভিযোগ প্রসঙ্গে জেলা জামায়াতের প্রচার সম্পাদক মোহসিন কবির বলেন, ওই ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত লোকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।