লক্ষ্মীপুরে আগুনে ও গোপালগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঐতিহ্যবাহী স্নান উৎসব উপলক্ষে আয়োজিত মহাবারুণী মেলায় গতকাল বুধবার সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দুটি দোকানে অগ্নিকাণ্ডে দুজন কর্মচারীর মৃত্যু হয়েছে।
রামগঞ্জ পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে পরিষদের ফটকের সামনের একটি খাবারের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের একটি চায়ের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে খাবারের দোকানের ভেতর ঘুমিয়ে থাকা চৌধুরী মিয়া (৪০) এবং চায়ের দোকানে থাকা আবদুস সালামের (১৩) মৃত্যু হয়। চৌধুরী মিয়ার বাড়ি উপজেলার দরবেশপুর গ্রামে ও সালামের বাড়ি শরীয়তপুরে। দোকানমালিকদের দাবি, এ অগ্নিকাণ্ডে তাঁদের অন্তত আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রশাসনের পক্ষ থেকে ওই দুই দোকান কর্মচারীর পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের আর্থিক সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিস পরিদর্শক রফিকুল হক জানান, খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে যান। বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।
গতকাল সকাল আটটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে গ্যাস সিলিন্ডার ব৵বহার করে বেলুন ফোলানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে দুই বেলুন ব্যবসায়ীর মৃত্যু হয়। তাঁরা হলেন বাগেরহাটের পূর্ব সাহারা গ্রামের পলাশ মণ্ডল (২৭) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কারামৃধা গ্রামের মো. শহীদ (২৫)। গুরুতর আহত অবস্থায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ফারুক (৩৫) নামের এক ব্যক্তিকে গোপালগঞ্জে ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাতনামা আরেকজনকে ভর্তি করা হয় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি গোপালগঞ্জ ২৫০ শয্যার আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।