লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ১২টি ঘর
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী এলাকায় গতকাল শুক্রবার দুপুরে আগুনে সাতটি বসতঘরসহ ১২টি ঘর পুড়ে গেছে।
আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে পশ্চিম বটতলী গ্রামের ইমাম আলী ব্যাপারী বাড়ির বেলাল হোসেনের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন একই বাড়ির নুরুল আমিন, দুলাল হোসেন, সেলিম উদ্দিন, আবুদল হাকিম, আবু সিদ্দিক ও বাহার হোসেনের বসতঘরে ছড়িয়ে পড়ে। লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে আগুনে বসতঘর, রান্নাঘরসহ ছোট-বড় অন্তত ১২টি ঘর পুড়ে যায়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
লক্ষ্মীপুর সদর ইউএনও মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রাথমিকভাবে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।