লক্ষ্মীপুরে আগুনে পুড়ে গেছে চারটি দোকান
লক্ষ্মীপুর সদর উপজেলার পুরোনো তেওয়ারীগঞ্জ বাজারে গতকাল রোববার আগুনে চারটি দোকান পুড়ে গেছে। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ব্যবসায়ী শামছুল আলম বলেন, গতকাল দুপুরে তেওয়ারীগঞ্জ বাজারের দক্ষিণ পাশে আগুন জ্বলতে দেখা যায়। অল্প সময়ের মধ্যে জামাল উদ্দিনের দোকান, নাছির উদ্দিনের কনফেকশনারি, আবদুস সহিদের মুদি দোকান ও মারফত উল্যার ফলের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই দোকানগুলোর সব মালামাল পুড়ে যায়। এতে আট লাখ টাকার ক্ষতি হয়েছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোনায়েম বিল্লাহ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। আগুনে চারটি দোকানঘর সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগতে পারে।