লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ১৫টি অটোরিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা বাজারে গতকাল মঙ্গলবার ভোররাতে আগুনে ১৫টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অটোরিকশার মালিক বাবলু বলেন, তাঁরা কয়েকজন চরচামিতা বাজারে একটি ঘর ভাড়া নিয়ে ১৫টি অটোরিকশা রাখেন। মঙ্গলবার ভোররাতে সেখানে আগুন লেগে ১৫টি অটোরিকশাই পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
চরচামিতা বাজারের নৈশপ্রহরী মো. সিরাজ ও আবদুল ওহাব বলেন, ভোররাতে তাঁরা বিকট শব্দ শুনতে পান। পরে বাজারের একটি ঘরে আগুন জ্বলতে দেখেন। পাশের মসজিদের মুয়াজ্জিন আবদুস সহিদ আগুন লাগার খবর মাইকে প্রচার করলে স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
চরচামিতা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইউসুফ ও স্থানীয় বাসিন্দা মো. আলী বলেন, আগুনে গ্যারেজের পাশের একটি মুদি দোকানের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশনমাস্টার মো. মোনায়েম হোসেন বলেন, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু ততক্ষণে ১৫টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে যায়। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘অটোরিকশার ব্যাটারির স্পার্কিং থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
তবে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, গ্যারেজের পেছনে প্রতিদিন জুয়া ও মাদকসেবীদের আসর বসে। মাদকসেবীদের ফেলে দেওয়া সিগারেটের অবশিষ্টাংশ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে তাঁরা মনে করছেন।