লক্ষ্মীপুরে আট চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন
লক্ষ্মীপুরে দুটি উপজেলার ছয়টি ইউনিয়নে আটজন চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। তাঁদের মধ্যে পাঁচজন বিএনপির প্রার্থী। অন্য তিনজন স্বতন্ত্র প্রার্থী।
ভোট বর্জন করা প্রার্থীরা তাঁদের নিজ নিজ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনেছেন। এসব অভিযোগের মধ্যে রয়েছে—কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, নির্বাচনী এজেন্টদের মারধর, কেন্দ্র থেকে বের করে দেওয়া ইত্যাদি।
কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের বিএনপির প্রার্থী মো. ফরহাদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান ভোট বর্জন করেছেন।
একই উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের বিএনপির প্রার্থী মোছলে উদ্দিন, পাটারীরহাট ইউনিয়নের বিএনপির প্রার্থী মো. জামাল উদ্দিন এবং চর ফলকন ইউনিয়নের বিএনপির প্রার্থী আবদুল লতিফ হাওলাদার ভোট বর্জন করেছেন।
রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের বিএনপির প্রার্থী এহতেশামুল হক এবং চর পোড়াগাছা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন ও কামাল পাশা ভোট বর্জন করেছেন।
চর পোড়াগাছা ও তোরাবগঞ্জ ইউনিয়নের কয়েকটি ভোটকেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে।
আজ দেশের ৭১৭টি ইউপিতে নির্বাচন হচ্ছে। সকাল আটটা থেকে ভোট নেওয়া শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত একটানা এই ভোট নেওয়া চলবে।