লক্ষ্মীপুরে আধা ঘণ্টায় ছাত্রলীগ ও যুবদলের দুজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় গতকাল রোববার রাতে আধা ঘণ্টার ব্যবধানে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে৷
তাঁরা হলেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আবু নোমান এবং যুবদলের কর্মী মো. জাহাঙ্গীর৷ এ ঘটনায় বিএনপি ও ছাত্রলীগ একে অপরকে দায়ী করেছে৷
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার চন্দ্রগঞ্জের বটতলী এলাকায় রাত ১০টার দিকে ছাত্রলীগের নেতা নোমান ক্রিকেট খেলা দেখছিলেন৷ এ সময় সাত-আটটি মোটরসাইকেলে চড়ে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত সেখানে আসে৷ নোমানকে লক্ষ্য করে গুলি করে তারা পালিয়ে যায়৷ পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়৷
এ ঘটনার প্রায় আধা ঘণ্টা পর একই এলাকায় যুবদলের কর্মী জাহাঙ্গীরকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়৷ পরে তাঁকে উদ্ধার করে নোয়াখালীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়৷ সেখানে রাত ১১টার দিকে জাহাঙ্গীরের মৃত্যু হয়৷
চন্দ্রগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাসের মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নোমানের লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে৷ জাহাঙ্গীর নিহত হওয়ার কথাটি শুনেছি৷ ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে৷’
জাহাঙ্গীরকে যুবদলের কর্মী দাবি করে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের লোকজন অতর্কিতে গুলি করে জাহাঙ্গীরকে হত্যা করে৷
এ অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জামান বলেন, জামায়াত-বিএনপি নৈরাজ্য সৃষ্টি করছে৷ ওরাই নোমানকে হত্যা করে৷