লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বন্দুকযুদ্ধ, আহত ১০
লক্ষ্মীপুরের দত্তপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে গতকাল শনিবার বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন ও ইছমাইল-আজিজ বাহিনীর মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের দুই সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।আহত ইউপি চেয়ারম্যান নুর হোসেন ও দুই পুলিশসহ অন্যদের সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নুর হোসেন ও ইছমাইল মোল্লা-আবদুল আজিজ বাহিনীর সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে ঘটনার সময় আজিজ ও ইছমাইল বাহিনীর লোকেরা ইউপি চেয়ারম্যান নুর হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা গুলিও ছোড়ে।আহত ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এ হামলা চালায়। গত মাসে আমার বাড়িতে হামলা চালিয়ে আমার সহযোগী আবু তাহেরকে গুলি করে হত্যা করে।’অপর দিকে রাতে ইছমাইল মোল্লার বাড়িতে নুর হোসেন বাহিনীর সন্ত্রাসীরা পাল্টা হামলা চালায় এবং কয়েক রাউন্ড গুলি ছোড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় ইছমাইল মোল্লার বাড়ির সামনে গুলিবিদ্ধ হয় দুই পুলিশ কনস্টেবল। তাঁরা হচ্ছেন: আলী হোসেন (কং ৫৬২) এবং নুরুল আলম (কং ৫৩৩)। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কাজী আলাউদ্দিন বলেন, নুর হোসেনের সন্ত্রাসী বাহিনীর গুলিতে দুই পুলিশ আহত হয়।সদর থানার ওসি গোলাম ছরোয়ার জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।