লক্ষ্মীপুরে আনোয়ার বাহিনীর আনোয়ারকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের সদর উপজেলার দত্তপাড়া বাজারে গতকাল শনিবার রাত আটটার দিকে আনোয়ার বাহিনীর আনোয়ার হোসেনকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আনোয়ারের বাড়ি উপজেলার দত্তপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শী দেলোয়ার বলেন, রাত আটটার দিকে আনোয়ার হোসেন তাঁর ভাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী নূর হোসেন শামীমের নির্বাচনী কার্যালয়ে সমর্থকদের নিয়ে বৈঠক করছিলেন। এ সময় বাজারের উত্তর দিক থেকে সাত-আটজন সশস্ত্র সন্ত্রাসী মুখে কালো কাপড় পরে ওই কার্যালয়ে এসে আনোয়ারকে ধাওয়া দেয়। তারা আনোয়ারকে এলোপাতাড়ি গুলি করে নির্বাচনী কার্যালয়ের সামনে দত্তপাড়া বাজারে খুন করে।নিহতের ভাই ফারুক বলেন, ‘স্থানীয় ইব্রাহিম ও তার সঙ্গীরা দত্তপাড়া বাজারে চাঁদাবাজি করতে গেলে আনোয়ার বাজার কমিটির সভাপতি হিসেবে তাদের বিভিন্ন সময় বাধা দিচ্ছিলেন। আসন্ন ইউপি নির্বাচন ও ওই ঘটনার জের ধরে তারা আনোয়ারকে নৃশংসভাবে খুন করে।’ দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, আনোয়ারের পেটে, হাতে ও বুকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।