লক্ষ্মীপুরে আরও একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মুরাদুল ইসলাম সুমন (৩০) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার তাঁর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে গত এক সপ্তাহে লক্ষ্মীপুর জেলায় পাঁচজন খুন হলেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন বিএনপির এক নেতা।
গতকাল বরিশাল ও টাঙ্গাইলেও দুটি লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে টাঙ্গাইলে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আর বরিশালে নিহত ব্যক্তি হলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি কামাল হোসেন তালুকদার (৫৮)।
ঢাকার বাইরে আমাদের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:
লক্ষ্মীপুর: সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের একটি বাঁশঝাড়ের ভেতর গতকাল সকাল ১০টার দিকে মুরাদের লাশ দেখতে পান এক নারী। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে ময়না-তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মুরাদ।
মুরাদের মা হাছিনা বেগম জানান, দুই দিন আগে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে তাঁদের বাড়িতে এসে মুরাদকে ডেকে নিয়ে যায়। সেই থেকে মুরাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি জানান, দুই বছর আগে তাঁর ছেলের স্ত্রী বাড়ি থেকে চলে যান। সেই সংসারে তিন বছরের একটি ছেলে রয়েছে। তবে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মুরাদের কোনো বিরোধ ছিল না। তিনি আগে অ্যাম্বুলেন্স চালাতেন। বেশ কদিন ধরে বেকার ছিলেন। কে বা কারা মুরাদকে হত্যা করেছে সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেন না।
এর আগে ১ ফেব্রুয়ারি সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবিরের ছেলে রাকিব হোসেন দুর্বৃত্তদের হাতে খুন হন। ৫ ফেব্রুয়ারি উপজেলার কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ আলীকে জবাই করে হত্যা করা হয়। এর এক দিন বাদে খুন হন কমলনগর উপজেলার চরপাগলা গ্রামের রমজান আলীর ছেলে আবদুর রহিম। আর গত শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে মারা যান সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আবুল হোসেন।
এ ছাড়া পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান ওমর ফারুক। তাঁর পরিবারের অভিযোগ, চট্টগ্রামের পতেঙ্গায় এক আত্মীয়ের বাসা থেকে গত মঙ্গলবার রাতে তাঁকে ধরে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জেলা পুলিশ সুপার আবুল ফয়েজ বলেন, রাতের আঁধারে জেলাতে কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে।
বরিশাল: জাতীয় পার্টির নেতা কামাল হোসেন তালুকদার ২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। তিনি বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেন তালুকদারের বড় ভাই। গতকাল সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার চতলবাড়িসংলগ্ন সন্ধ্যা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত কামাল হোসেনের ছেলে মো. রাসেল তালুকদার জানান, তাঁর বাবা ২ ফেব্রুয়ারি সকালে বাবুগঞ্জের পূর্ব রহমতপুরের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। মোটরসাইকেলটি রহমতপুরে মোটর মেকানিক মিন্টুর দোকানে মেরামত করতে দেন। এর পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
কামাল হোসেনের ভাই ইসরাত হোসেন জানান, তাঁর ভাই নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না।
উজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন আহমেদ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পানিতে পচে লাশটির মুখমণ্ডল ও শরীর বিকৃত হয়ে গেছে। লাশের পকেটে ছয় হাজার ৯১ টাকা, ভোটার আইডি কার্ড, একটি সিমকার্ড ও জনতা ব্যাংকের একটি চেক বই পাওয়া গেছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে কামাল হোসেনকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে।
টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের কাগমারা সেতুর কাছ থেকে গতকাল সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি হাত-পা ও মস্তকবিহীন অবস্থায় ছিল।
গত বুধবার নরসিংদীর একটি টেক্সটাইল মিলের শ্রমিক আবদুর রহিম নিখোঁজ হন। লাশটি তাঁরই হতে পারে বলে তাঁর স্বজনেরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
আবদুর রহিমের ভাই রুবেল মিয়া জানান, তাঁদের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার কাজলা হাট গ্রামে। তাঁর ভাই নরসিংদীর একটি টেক্সটাইল মিলে কাজ করেন। মুঠোফোনে তাঁর ভাইয়ের সঙ্গে একটি মেয়ের পরিচয় হয়। রহিম সেই মেয়ের সঙ্গে দেখা করতে বুধবার টাঙ্গাইলে যান। এরপর টাঙ্গাইল থেকে মুঠোফোনে তিনি জানান, তাঁকে টাঙ্গাইলের বাঘিল এলাকায় আটকে রাখা হয়েছে। এক লাখ টাকা না দিলে তাঁকে হত্যা করা হবে। ইতিমধ্যে তিনি নরসিংদীতে তাঁর এক সহকর্মীর কাছ থেকে ১৬ হাজার টাকা বিকাশের মাধ্যমে এনে অপহরণকারীদের দিয়েছেন।
রুবেল মিয়া জানান, গত বৃহস্পতিবার তিনি টাঙ্গাইলে এসে ঘটনাটি সদর মডেল থানা পুলিশকে জানান। পুলিশ আবদুর রহিমের মুঠোফোনের কল পরীক্ষা করে দেখতে পায়, তাঁর অবস্থান টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার আবহাওয়া অফিসের কাছে। এরপর গতকাল সকালে আবহাওয়া অফিসের অদূরে কাগমারা সেতুর কাছে বস্তাবন্দী একটি লাশ পাওয়া হয়।
রুবেল মিয়া বলেন, মাথা ও হাত-পা না থাকায় তিনি বুঝতে পারছেন না লাশটি তাঁর ভাইয়ের কি না। আবার লাশের গায়ের রং তাঁর ভাইয়ের মতো।
টাঙ্গাইল সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, লাশটি টাঙ্গাইল মর্গে রাখা হয়েছে। এটি আবদুর রহিমের কি না, তা তাঁর স্বজনেরা চূড়ান্তভাবে শনাক্ত করতে পারেননি। কাল (আজ) রোববারের মধ্যে শনাক্ত না হলে এটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।