লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে লক্ষ্মীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজু, তাঁর ভাই বাহাউদ্দিন সুমনসহ এসব ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য কমলনগর থানাকে নির্দেশ দিয়েছেন। উপজেলার চরবসু গ্রামের কোরবান আলীর ছেলে মো. ইউসুফ বাদী হয়ে মামলাটি করেন।মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজু ও তাঁর ভাই বাহাউদ্দিন সুমন বাদী মো. ইউসুফের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাঁকে তাঁর দখলীয় ভূমি থেকে উচ্ছেদের হুমকি দেন। ঘটনার দিন মঙ্গলবার চেয়ারম্যান রাজু ও তাঁর ভাই সুমন ৩০-৪০ জন সন্ত্রাসী নিয়ে বসতভিটা থেকে বাদীকে উচ্ছেদ করার জন্য হামলা শুরু করেন। এ সময় বাদী ও তাঁর লোকজন বাধা দিলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে দুজনকে আহত করে। আহত ব্যক্তিরা হলেন বাদীর মেয়ে ফয়েজুন নেছা ও জামাই নূর নবী চৌধুরী। আহতদের কমলনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা বসতবাড়ি থেকে আসবাবপত্র ও ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় চারটি ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে এলাকাবাসী এগিয়ে এলে চেয়ারম্যানসহ অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।