লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজারে অবস্থিত একটি দোকানঘরের জমি দখলের চেষ্টার অভিযোগে বশিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাসেমের বিরুদ্ধে গতকাল রোববার মামলা হয়েছে। জমির মালিক কানাডাপ্রবাসী মো. মুজিবুর রহমানের আত্মীয় মো. নজরুল ইসলাম চৌধুরী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং অতিরিক্ত জেলা হাকিম আদালতে একটি মামলা করেন। আদালত ও পুলিশ সূত্র জানায়, পোদ্দার বাজারে মো. মুজিবুর রহমানের জমিতে ২০টি দোকানঘর রয়েছে। তাঁর আত্মীয়স্বজনেরা সম্প্রতি সেখানে স্থায়ী ঘর তৈরির উদ্যোগ নিলে বাধা দেন বশিকপুর ইউপির চেয়ারম্যান আবুল কাসেম ও বিরাহিমপুর গ্রামের প্রভাবশালী ব্যক্তি আবদুল মতিন। তাঁরা ওই জমি দখল করে গত ১২ ফেব্রুয়ারি ঘর তৈরির বিভিন্ন সামগ্রী জড়ো করেন এবং তাঁদের কাজে বাধা দিলে মুজিবুর রহমানের মালিকানাধীন দোকানঘরে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেন। সদর থানার এসআই ফজলুর রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছেন।