লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত এক নারী সদস্যকে অপহরণ ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একই ইউপির অপর সদস্য আবদুল খালেকের বিরুদ্ধে। খালেক অভিযোগ অস্বীকার করেছেন।ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার ভূমিহীন সমিতির ডাকে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বেসরকারি সংস্থা নিজেরা করির রামগতি অঞ্চলের সভাপতি ফখরুল আলম, সমাজসেবক জামাল উদ্দিন, উপজেলা ভূমিহীন সমিতির সহসভাপতি সুজাতা রানী দাস, ভূমিহীন নেতা মো. মোস্তফা এবং ওই ইউপি সদস্যের বোন। ওই নারী সদস্যকে অপহরণ ও শ্লীলতাহানির অভিযোগে ১২ ডিসেম্বর খালেকের বিরুদ্ধে মামলা হয়েছে। নারী ইউপির সদস্যের স্বামী মামলাটি করেন। নারী ইউপি সদস্যের ভাষ্যমতে, ২৪ নভেম্বর সকালে তিনি সিএনজিচালিত অটোরিকশায় করে আবদুল খালেকের সঙ্গে রামদয়াল বাজার থেকে উপজেলা সদরে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পথে খালেক তাঁর নাকমুখে একটি রুমাল চেপে ধরলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। ওই দিন রাতে জ্ঞান ফেরার পর বুঝতে পারেন, একটি আধাপাকা ঘরে তাঁকে আটকে রাখা হয়েছে। সেখানে চার দিন আটকে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে খালেক তাঁর শ্লীলতাহানি করেন। একসময় নারী ইউপি সদস্য বুঝতে পারেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার নায়েরপুর কলঘর এলাকায় তাঁকে আটকে রাখা হয়েছে। ২৭ নভেম্বর কৌশলে খালেকের মুঠোফোন থেকে তিনি পরিবারের সদস্যদের কাছে ফোন করেন। ওই দিন সন্ধ্যায় মিরসরাই থানার পুলিশ ও তাঁর পরিবারের লোকজন তাঁকে ওই বাড়ি থেকে উদ্ধার করেন। মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রব বলেন, ওই নারী ইউপি সদস্যকে নায়েরপুরে খালেকের বোনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন নিয়ে তাঁরা ওই বাড়িতে গেলে বাড়ির লোকজনসহ খালেক পালিয়ে যান। নারী ইউপি সদস্যের স্বামীর ভাষ্য, এ ঘটনায় খালেকসহ চারজনের বিরুদ্ধে রামগতি থানায় তিনি মামলা করেছেন। খালেক ও তাঁর লোকজন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। খালেক অজ্ঞাত স্থান থেকে মুঠোফোনে জানান, এটা কোনো অপহরণের ঘটনা নয়। ওই মহিলা স্বামীর সংসার ছেড়ে বিবাহবন্ধনে আবদ্ধ হতে স্বেচ্ছায় তাঁর সঙ্গে ওই দিন বেরিয়েছিলেন। এখন পরিবারের চাপের মুখে তিনি অন্য কথা বলছেন। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. বেল্লাল হোসেন বলেন, তাঁরা দুজনই গত ইউপি নির্বাচনে সদস্য হয়েছেন। তাঁদের মধ্যে ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে বলে তাঁর মনে হয়নি। তবে এ বিষয়ে দুই পক্ষ থেকেই অভিযোগ পাওয়া গেছে। রামগতি থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মাখনলাল রায় বলেন, আদালতের নির্দেশে নারী ইউপি সদস্যকে তাঁর স্বামীর জিম্মায় দেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।