লক্ষ্মীপুরে ইটভাটার আগুনে পুড়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের সমাসপুর গ্রামে মাস্টার ব্রিকফিল্ডের ইটভাটায় শাহাদাৎ হোসেন ও আবুল বাসার নামে ইটভাটার দুজন শ্রমিক আগুনে পুড়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের কামলাবাড়ী। মাস্টার ব্রিকফিল্ডের শ্রমিকেরা জানান, বুধবার রাতে ইট পোড়ানোর জন্য ওই ভাটায় আগুন দেওয়া হয়। আগুন পরীক্ষা করার জন্য চুলার মুখ খুলতেই বাতাস নির্গত হয়ে প্রথমে শাহাদাৎ হোসেন চুলায় পড়ে যান। তাঁকে উদ্ধারের জন্য হেলপার আবুল বাসার গেলে তিনিও চুলায় পড়ে যান। এতে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়। পরে ব্রিকফিল্ডের অন্য শ্রমিকেরা এসে তাঁদের লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ গ্রামের বাড়িতে নিয়ে যান।