লক্ষ্মীপুরে ঈদের নামাজ শেষে এক ব্যক্তিকে প্রকাশ্যে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরবসু গ্রামে গত বুধবার ঈদের নামাজ শেষে ঝগড়ার জের ধরে বেলাল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গলা কেটে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আহত হয়েছেন পাঁচজন।এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গ্রামবাসী হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক লুটপাট চালায়। হত্যা ও সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে দুই নারীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে।ঘটনার প্রত্যক্ষদর্শী জাকির হোসেন, সালেহ উদ্দিন, ইব্রাহিম, সেলিমসহ গ্রামবাসীর অনেকেই জানান, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জাহাজমারা এলাকার বাসিন্দা সবুজ সর্দার ও তাঁর আত্মীয়স্বজন পাশের লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরবসু গ্রামে আ. মালেক সমাজের মসজিদে ঈদের নামাজ পড়েন।তাঁরা দাবি করেন, সবুজ সর্দারের সঙ্গে প্রতিবেশী এক গৃহবধূর অনৈতিক সম্পর্ক রয়েছে। সে কারণে সমাজের লোকজন এবার সবুজকে ঈদের নামাজ বর্জন করার সিদ্ধান্ত নেয়।বুধবার সকালে সবুজ সর্দার তাঁর আত্মীয়স্বজনকে নিয়ে সমাজে ঈদের নামাজ পড়তে গেলে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে মসজিদ কমিটির সভাপতি মো. কোরবান আলী মাস্টারের হস্তক্ষেপে সবুজ সর্দার সমাজের সঙ্গে ঈদের নামাজ পড়ার সুযোগ পান।নামাজ শেষে বেলা ১১টার দিকে বিষয়টি নিয়ে মুসল্লিদের মধ্যে আবার তর্ক-বিতর্ক বাধলে কোরবান আলী মাস্টার পুনরায় তা নিষ্পত্তির চেষ্টা করেন। এ সময় সবুজ সর্দার ও তাঁর লোকজন দা-ছেনি নিয়ে হামলা চালায়। এতে কোরবান আলীসহ মো. নূরনবী, মিজান উদ্দিন, নূর মোহাম্মদ ও ফয়েজ আহমদ আহত হন।আহত ফয়েজ আহমদ বলেন, কোরবান আলীকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে হামলাকারীরা ঘটনাস্থলে সবার সামনেই বেলাল হোসেনকে জবাই করে।এতে ক্ষিপ্ত হয়ে গ্রামবাসী সবুজ সর্দারের বসতবাড়ি ছাড়াও তাঁর সমর্থক হারিছ কাজি, রুস্তম আলী, মো. রফিক, আ. সহিদ, আ. গনি ও নূর আলীর বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে তিনটি মুদি দোকানসহ ২৫টি বসতঘর ভস্মীভূত হয়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়। ওই সময় ব্যাপক লুটপাটের ঘটনাও ঘটে।খবর পেয়ে লক্ষ্মীপুরের কমলনগর ও নোয়াখালীর সুবর্ণচর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে জাহাজমারা এলাকার হারিছ কাজির ছেলে হেলাল উদ্দিন (২৮), চরবসু এলাকার কবির হোসেন বাবুলের স্ত্রী শাহিনা আক্তার আমেনা (২১) ও আবদুল গনির মেয়ে রোজিনা আক্তারকে (১৮) গ্রেপ্তার করা হয়। নিহত বেলাল হোসেনের ভাই মো. জয়নাল আবদিন ২৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে বেলালের লাশ কমলনগরের চরবসু গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।আসামিদের প্রায় সবাই পলাতক।