লক্ষ্মীপুরে এনজিওকর্মীকে অপহরণ, মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজির হাট এলাকা থেকে গত মঙ্গলবার রাতে মো. সেলিম উদ্দিন নামের বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।
অপহরণের পর তারা মুঠোফোনে সেলিমের পরিবারের লোকজনের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে। সেলিম স্থানীয় আদর্শ গ্রাম উন্নয়ন সোসাইটির মাঠকর্মী ও উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের আবদুল আউয়ালের ছেলে।
সেলিমের ভাই আবদুল কাদের জানান, একদল সন্ত্রাসী মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হানিফ মিয়াজির হাট এলাকায় অস্ত্র ঠেকিয়ে সেলিমকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এরপর সন্ত্রাসীরা মুঠোফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। সন্ত্রাসী বাহিনীর প্রধান মোসলেহ উদ্দিনের ভাই জেহাদ সেলিমকে অপহরণ করেছে বলে অভিযোগ করে আবদুল কাদের।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. অহিদুজ্জামান বলেন, সেলিম উদ্দিনকে উদ্ধার ও জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।