লক্ষ্মীপুরে আরও একজন রাজনৈতিক কর্মী খুন হয়েছেন। সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আবুল হোসেন ওরফে হঠাৎ আবুকে (৩০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ নিয়ে গত দুই দিনে আওয়ামী লীগ ও বিএনপির দুই কর্মী খুন হলেন।
এদিকে সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুকের সন্ধানের দাবিতে আজ শনিবার লক্ষ্মীপুর জেলায় অর্ধবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি। ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তারের অভিযোগ, চট্টগ্রামের পতেঙ্গায় এক আত্মীয়ের বাসা থেকে গত মঙ্গলবার রাতে তাঁর স্বামীকে ধরে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যদিও র্যাব ও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।
সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদলের কর্মী আবুল হোসেন একই উপজেলার শেখপুর গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
আবুল হোসেনের বড় ভাই কালু মিয়ার বর্ণনা অনুযায়ী, তাঁর ভাইকে গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে মুঠোফোনে চন্দ্রগঞ্জ বাজারের সমতা সিনেমা হলের সামনে ডেকে নিয়ে যাওয়া হয়। এ সময় আবুল হোসেনকে দুটি গুলি করে নাছির বাহিনীর সন্ত্রাসীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নোয়াখালীর এশিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান।
স্থানীয় সূত্রগুলো জানায়, সোলায়মান উদ্দিন ওরফে জিসান বাহিনীর সদস্য ছিলেন আবুল হোসেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় নাছির বাহিনীর সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ডাকাতি, চুরি, ছিনতাইসহ তাঁর বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
এলাকাবাসী জানান, জিসান বাহিনীর হুমকি-ধমকিতে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন চার বছর ধরে এলাকা ছেড়ে লক্ষ্মীপুরে অবস্থান করছেন। দুই বছর আগে এই বাহিনীর হাতে খুন হন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মহসিন।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান বলেন, আবুল হোসেন ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নাছির বাহিনীর লোকেরা তাঁকে হত্যা করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, আবুল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সকালে উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগী গ্রাম থেকে মোহাম্মদ আলীর (৪২) জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য।
স্বামীকে জীবিত ফেরত চেয়ে আকুতি: বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার গতকাল লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁর স্বামীকে জীবিত ফেরত চেয়ে আকুতি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে পারভিন আক্তার জানান, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাঁর স্বামীকে মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামের পতেঙ্গার কাঠগড় এলাকার আফসার বিল্ডিং থেকে ধরে নিয়ে যাওয়া হয়। গত তিন দিন বিভিন্ন দপ্তরে খোঁজাখুঁজির পরও তাঁর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, তাঁর স্বামী একজন সমাজসেবক ও জনপ্রতিনিধি। তাঁর বিরুদ্ধে কোনো হত্যা মামলা নেই। দুটি মামলা আছে, যেগুলোতে তিনি বর্তমানে জামিনে আছেন। সরকার যেন তাঁর স্বামীকে জীবিত ফেরত দেওয়ার ব্যবস্থা করে।
যুবকের লাশ উদ্ধার: জেলার কমলনগর উপজেলায় আবদুর রহিম (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরপাগলা গ্রামের একটি খেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। আবদুর রহিম কমলনগরের চরকাদিরা ইউনিয়নের চরপাগলা গ্রামের রমজান আলীর ছেলে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আবদুল জব্বার জানান, আবদুর রহিমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করা যায়নি।