লক্ষ্মীপুরে এবার যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে আবারও খুনের ঘটনা ঘটেছে। সদর উপজেলায় মো. রোমান হোসেন (২২) নামে যুবলীগের এক কর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ নিয়ে লক্ষ্মীপুর জেলায় গত সাড়ে পাঁচ মাসে ৩৫ জন খুন হলেন৷ তাঁদের মধ্যে ২৪ জন প্রাণ হারান রাজনৈতিক প্রতিপক্ষের হাতে৷
এদিকে সিরাজগঞ্জের ছোনগাছায় এক গরু ব্যবসায়ী ও মুন্সিগঞ্জে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ রাজবাড়ীর পাংশায় খুন হয়েছেন একজন রংমিস্ত্রি৷ তিনটি খুনের ঘটনাই ঘটেছে রোববার৷
ঢাকার বাইরে আমাদের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:
লক্ষ্মীপুর: নিহত রোমান সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।
রোমানের পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা রোমানকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তিনি আর ঘরে ফিরে আসেনি। সকালে মদনপুর গ্রামের একটি রাস্তার পাশে তাঁর গলাকাটা লাশ পাওয়া যায়। কে বা কারা এ খুনের সঙ্গে জড়িত, তা জানা যায়নি৷
তবে সদরের দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান জানান, রোমান সন্ত্রাসী ছিলেন৷ তিনি চাঁদাবাজি করতেন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সিরাজগঞ্জ: নিহত গরু ব্যবসায়ীর নাম হবিবর রহমান (৬০)৷ তিনি সদর উপজেলার ধীতপুর আলাল গ্রামের মোকছেদ ব্যাপারীর ছেলে।
মামলার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় হবিবরকে সদর উপজেলার আলমপুর গ্রামের ছানু মিয়া বািড় থেকে ডেকে নিয়ে যান। পরে তিনি আর বািড় ফিরে আসেননি। এরপর গতকাল সকালে সদরের ছোনগাছা ইউনিয়নের রাঙ্গালিয়াগাতী গ্রামের শাহ জামালের ধানখেতে তাঁর লাশ পাওয়া যায়৷ কুপিয়ে ও জবাই করে তাঁকে হত্যা করা হয়েছে৷
সিরাজগঞ্জ সদর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফোরকান আলী বলেন, ধারণা করা হচ্ছে, ব্যবসািয়ক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হবিবরের ছেলে শামীম আহমেদ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মুন্সিগঞ্জ: সদর উপজেলার পঞ্চসারে রোববার রাতে কোনো এক সময় ঘরে সিঁধ কেটে ভেতরে ঢুকে ফরিদা বেগম (৫০) নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তবে এ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করা যায়নি।
পুলিশ জানায়, ফরিদা বেগম ঘরে একা থাকতেন। তাঁর স্বামী মারা গেছেন। দুই ছেলে থাকেন বিদেশে। আর দুই মেয়ের বিয়ে হয়ে গেছে৷ তাঁরা থাকেন ঢাকায়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) ইয়ারদৌস হাসান জানান, ফরিদা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাঁর মেয়েরা ঢাকা থেকে আসার পর মামলা করার কথা রয়েছে।
রাজবাড়ী: পাংশায় নিহত রংমিস্ত্রির নাম সাগর সরদার (২৬)৷ তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের আলী সরদারের ছেলে। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও সাগরের পরিবার সূত্রে জানা যায়, সাগর রোববার দুপুের মুঠোফোনে কল পেয়ে বািড় থেকে বের হন। বিকেলে পদ্মা নদীর পাড়ে চরপাড়া ঘাট এলাকায় তাঁকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মিয়া জানান, সাগরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছিল। তিনি কোনো চরমপন্থী দলের সদস্য হয়ে থাকতে পারেন। এ কারণে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটতে পারে। এর রহস্য উদ্ঘাটন ও খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ এবং মুন্সিগঞ্জ, রাজবাড়ী ও রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি