লক্ষ্মীপুরে কলেজছাত্র হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে শিক্ষার্থী হোসেন আহমদ ওরফে শাওনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
নিহত শিক্ষার্থীর পরিবার ও বন্ধুদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত বুধবার দুপুরে শাওনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি এবার লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। তাঁর বাড়ি সদর উপজেলায়।
গতকালের মানববন্ধনে বক্তব্য দেন নিহত শিক্ষার্থীর বাবা তোফায়েল আহমদ, বড় ভাই মো. সুজন, খালাতো ভাই মাজেদ হোসেন, সহপাঠী সিফাত হোসেন, রাকিব হোসেন প্রমুখ।
সুজন অভিযোগ করেন, হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে না। ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।