লক্ষ্মীপুরে কাজ শুরু করেছে পুলিশের তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে গুলিতে দুজন নিহত হওয়ার ঘটনা তদন্তে পুলিশের গঠিত কমিটি গতকাল মঙ্গলবার কাজ শুরু করেছে। তবে জেলা আওয়ামী লীগ এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। গত রোববার চারদলীয় জোটের গণমিছিলে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় দুই ব্যক্তি নিহত হন।এদিকে একই দিন চাঁদপুরে নিহত দুজনের স্মরণে স্থানীয় বিএনপি গতকাল শোকসভা করেছে। সেখানে পুলিশের দায়ের করা মামলায় নিহত দুজনকেও আসামি করা হয়েছে।লক্ষ্মীপুর: তদন্ত দলের প্রধান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক বিশ্বাস আফজাল হোসেন ও সদস্য চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম দুপুরে লক্ষ্মীপুর এসে পৌঁছান। পরে বেলা দুইটার দিকে তাঁরা সংঘর্ষস্থল শহরের দক্ষিণ তেমুহনী পরিদর্শন করেন এবং স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেন।বিশ্বাস আফজাল হোসেন সাংবাদিকদের জানান, তিনি স্থানীয় লোকজনের সঙ্গে আরও কথা বলে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করবেন। এ সময় লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার জমসের আলী, মামলার বাদী উপপরিদর্শক এনামুল কামাল, তদন্ত কর্মকর্তা এসআই আবদুল জলিল উপস্থিত ছিলেন।পরে তদন্ত টিম লক্ষ্মীপুর সদর হাসপাতালে গিয়ে সেখানে চিকিৎসাধীন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার ও অন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। আওয়ামী লীগের দাবি: গত রোববারের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ। গতকাল সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলটি এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন লিখিত বক্তব্যে বলেন, ‘বিনা উসকানিতে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায় । এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাসেম ও এক ফেরিওয়ালা গুলিবিদ্ধ হয়ে নিহত হন।’সংবাদ সম্মেলনে জেলা পরিষদের প্রশাসক এ কে এম শাহাজান কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহিম, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।চাঁদপুরে নিহত দুজনও আসামি: চাঁদপুরে গত রোববারের ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলায় ওই দিন নিহত আবুল হোসেন মৃধা (৫০) ও লিমন ছৈয়ালকেও (২৫) আসামি করা হয়েছে।খুন, পুলিশের কাজে বাধা ও হামলা এবং ভাঙচুরের অভিযোগ ও বিস্ফোরক আইনে রোববার রাতে চাঁদপুর সদর মডেল থানায় দুটি মামলা করেন থানার ওসি আলমগীর হোসেন। উভয় মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয় হাজার নেত-কর্মীকে আসামি করা হয়।নিহত দুজনকে আসামি করা হয়েছে কেন জানতে চাইলে ওসি আলমগীর হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের সঙ্গে তাঁরা জড়িত ছিলেন। এ জন্য তাঁদেরও আসামি করা হয়েছে।বিএনপির শোকসভা: গুলিতে নিহত আবুল হোসেন মৃধা ও লিমন ছৈয়ালের স্মরণে গতকাল দুপুরে শোকসভার আয়োজন করে সদর থানা বিএনপি। সংগঠনের কার্যালয়ে শোকসভায় সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সভাপতি সফিউদ্দিন অহমেদ, যুগ্ম সম্পাদক মনির চৌধুরী, জেলা তাঁতী দলের আহ্বায়ক মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।