লক্ষ্মীপুরে কারেন্ট জাল জব্দ
লক্ষ্মীপুরের কমলনগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় পৌনে দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। গত সোমবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পরিচালিত অভিযানে এসব জাল আটক করা হয়।কোস্টগার্ড সূত্র জানায়, কমলনগরের কালকিনি ইউনিয়নের বাতির খাল, ছদলার খাল, চর সামছুদ্দিন, কটরিয়া ও চর নিয়ামত এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৮৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করে কোস্টগার্ডের মতিহার কন্টিনজেন্ট। আটক করা জালের আনুমানিক দাম এক কোটি পাঁচ লাখ ৬৫ হাজার টাকা। আটক করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।এদিকে পৃথক অভিযানে কর্ণফুলী নদী ও আনোয়ারার গলাকাটা খাল থেকে চোরাই জাহাজের রশি ও জাহাজ বাঁধার রশি জব্দ করেছে কোস্টগার্ড।কোস্টগার্ড সূত্র জানায়, গত বুধবার কর্ণফুলী নদীর মেরিন একাডেমি জেটিসংলগ্ন এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ও ৫০ মিটার চোরাই জাহাজের রশি আটক করা হয়। আটক করা মালামালের মূল্য এক লাখ ২০ হাজার টাকা। গত বুধবার গভীর রাতে কোস্টগার্ডের অন্য একটি দল আনোয়ারা থানার গহিরা ইউনিয়নের গলাকাটা খালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯০ মিটার জাহাজ বাঁধার রশি উদ্ধার করে—যার আনুমানিক মূল্য তিন লাখ ৮০ হাজার টাকা।