লক্ষ্মীপুরে কাল আধাবেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলায় আগামীকাল শনিবার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত আধাবেলা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুককে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা গ্রেপ্তারের পর থেকে তাঁর আর কোনো হদিস না পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগে এই হরতাল আহ্বান করা হয়।

আজ শুক্রবার দুপুরে জেলা বিএনপির সহসভাপতি ছাইদুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই হরতালের আহ্বান জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোররাতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী চট্টগ্রাম শহরের পতেঙ্গা এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুককে গ্রেপ্তার করে নিয়ে যায়। তার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়া এবং সাবেক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী, নাজিম উদ্দিন আহমেদ ও এ বি এম আশরাফ উদ্দিন অবিলম্বে ওমর ফারুককে তাঁর পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। এ ছাড়া কাল সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় শান্তিপূর্ণ হরতাল পালনের জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।


ওমর ফারুকের পরিবারের সংবাদ সম্মেলন
এদিকে আজ দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার তাঁর স্বামীকে জীবিত ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে পারভিন আক্তার জানান, সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাঁর স্বামীকে গত মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম জেলার পতেঙ্গার কাঠগড় এলাকার আফসার বিল্ডিং থেকে ধরে নিয়ে যায়। তিন দিন বিভিন্ন দপ্তরে খোঁজ করেও তাঁর কোনো হদিস পাওয়া যায়নি। তিনি আরও বলেন, তাঁর স্বামী একজন সমাজসেবক ও জনপ্রতিনিধি। তাঁর বিরুদ্ধে কোনো হত্যা মামলা নেই। দুটি মামলা আছে, যেগুলোতে তিনি বর্তমানে জামিনে আছেন। তাঁর স্বামীকে জীবিত ফেরত দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওমর ফারুকের মেয়ে ফারহানা আক্তার, ছেলে ইমাম হোসেন ও বোন পারভিন আক্তার।