লক্ষ্মীপুরে কালবৈশাখী দুজনের মৃত্যু
লক্ষ্মীপুরে কালবৈশাখীতে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে পৃথক দুটি ঘটনায় তাঁদের মৃত্যু হয়। স্থানীয় সূত্রগুলো জানায়, গতকাল সকালে ঝড়ের মধ্যেই কাজে যাওয়ার সময় বজ্রপাতে আমিনবাজার এলাকায় পানা মিয়া (৪৫) নামের এক করাতমিস্ত্রির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে।মান্দারি ইউনিয়ন পরিষদের সদস্য জেবিন সুলতানা বজ্রপাতে পানা মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন শামীম জানান, গতকাল সকালে ঝড়ের সময় নারকেলগাছের নিচে চাপা পড়ে হোসনে আরা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। তাঁর বাড়ি একই উপজেলার দত্তপাড়া ইউনিয়নে পশ্চিম দত্তপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের পাটোয়ারীর স্ত্রী। অন্যদিকে ঝড়ে জেলার রামগঞ্জ উপজেলায় ঘরচাপায় ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। জেলার বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে ও খুঁটি ভেঙে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক শিবু লাল বসু বলেন, যেসব স্থানে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, সেসব স্থানে মেরমাতের কাজ চলছে।