লক্ষ্মীপুরে কৃষক ও ছাত্র লীগের দুই নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার শাকচর ইউনিয়নের হাজিরহাট বাজারে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন সদর উপজেলা (পশ্চিম) কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও শাকচর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান। তাঁরা দুজন ভাই। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দেলোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের চিকিৎসক আবুল খায়ের।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী দুজনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।
আহত দুজনের বড় ভাই কফিল উদ্দিন অভিযোগ করেন, হামলার ঘটনার জন্য বিএনপির নেতা-কর্মীরাই দায়ী। তিনি জানান, শাকচর ইউনিয়নের হাজিরহাট বাজারের আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন তাঁর ছোট দুই ভাই। এ সময় চার-পাঁচজন সন্ত্রাসী এসে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে তাঁদের গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করায়। তাঁর দাবি, সন্ত্রাসীরা বিএনপির। দুজনকে হত্যার উদ্দেশ্যে এ হামলা হয়েছে।
এ বিষয়ে গতকাল রাত আটটার দিকে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হামলার বিষয়টি জানি না। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’