লক্ষ্মীপুরে কোটি টাকার সরকারি সম্পত্তি আ.লীগ নেতাদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসীতায় পাউবোর ২৬ একর সম্পত্তি স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দখল করে আছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা আওয়ামী লীগের নেতারা সরকারি সম্পত্তি দখলের কথা স্বীকার করেছেন। তবে তাঁদের দাবি, ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে এ সম্পত্তি বিভিন্ন দলের নেতা-কর্মীদের হাতবদল হয়ে আসছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ২৬ একরে বড় একটি জলাশয় ও রবিশস্যের জমি রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় কোটি টাকা। বৈধভাবে ইজারা দেওয়ার পরও প্রভাবশালীদের দৌরাত্ম্যের কারণে ইজারাগ্রহীতাকে ওই সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়া যাচ্ছে না। সমপ্রতি ইজারাগ্রহীতাকে জমি বুঝিয়ে দিতে গেলে উপজেলা আওয়ামী লীগের নেতা আবু নাসেরের লোকজনের হাতে পাউবো কর্মকর্তারা লাঞ্ছিত হন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাওলা চৌধুরী অভিযোগ করেন, তিন বছর ধরে আবু নাসেরসহ অন্যরা আওয়ামী লীগের সাইনবোর্ড ঝুলিয়ে সরকারি জমি জবরদখল করে রেখেছেন। এতে দলীয় ভাবমূর্তি নষ্ট হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের কিছুই করার নেই।’অভিযোগ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাসের বলেন, ‘যখন যারা ক্ষমতায় ছিল, তারাই এ জমি ভোগ করেছে। এখন আমাদের দলীয় নেতা-কর্মীদের কিছু সুবিধা দিলে আলোচনাসাপেক্ষে ভূমি বুঝিয়ে দেওয়া হবে।’উপজেলা পাউবোর এসডিও হাফেজ আহমদ মৃধা জানান, ৩ এপ্রিল তিনিসহ উপজেলা পাউবোর এসও মো. শাহজাহান, জরিপকারী মো. জসীম উদ্দিন ইজারাদারকে ওই জমি বুঝিয়ে দিতে যান। এ সময় চরবাদাম ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগ নামধারী নেতা-কর্মী শাখাওয়াত হোসেন ওরফে খোকন, মনছুর আহমদ ওরফে বাদল, কবীর, সানাউল্লাহ, ওমরসহ ১৫-২০ জন তাঁদের ধাওয়া করেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ তাঁদের রক্ষা করেন।লক্ষ্মীপুর পাউবো সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৪ ডিসেম্বর লক্ষ্মীপুর পাউবো রামগতির চরসীতা মৌজার ২৬ দশমিক শূন্য ৫ একর জলাশয় ও জমি ইসরাক ফিশ অ্যান্ড ডেইরি কমপ্লেক্স (প্রা.) লিমিটেডকে ১০ বছরের জন্য ইজারা দেয়। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতে ১৪ লাখ ৬৮ হাজার টাকা জমা দেয়। কিন্তু আজ অবধি সেই জমির দখল বুঝে পায়নি তারা।সরেজমিনে দেখা যায়, জমিদারহাট বাজারসংলগ্ন লক্ষ্মীপুর-রামগতি সড়কের পশ্চিম পাশে ওই জমির প্রবেশমুখে চরবাদাম ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নামে সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। তার পাশেই বড় একটি জলাশয়। এর দক্ষিণ-পশ্চিমে রবিশস্যের কিছু খেত। জলাশয়টি ঘিরে বেশ কিছু কড়ইগাছ রয়েছে।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ক্ষমতাসীন দলের নেতারা জমিটি দখল করে স্থানীয় লোকজনের কাছে কয়েক ভাগে ইজারা দিয়েছেন। স্থানীয় বাসিন্দা মোতাহার হোসেন দাবি করেন, তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাসেরকে ১৬ হাজার টাকা দিয়ে এক একর জমি দুই বছর ধরে ভোগ করছেন।পাউবো ফেনী সার্কেলের সহকারী পরিচালক আবদুর রহীম জানান, পুলিশের সহযোগিতা না পাওয়ায় দখলকৃত জমি ইজারাগ্রহীতাকে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া বলেন, ‘সরকারি জমি জবরদখলের বিষয়টি শুনেছি। তবে যথাযথ নির্দেশনা না থাকায় ব্যবস্থা নিতে পারছি না।’