লক্ষ্মীপুরে কোস্টগার্ডের সঙ্গে জেলেদের সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার লুধুয়া মাছঘাট এলাকায় গতকাল সোমবার কোস্টগার্ড সদস্যদের সঙ্গে স্থানীয় জেলে ও এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ৩০ জন আহত হয়। নিষিদ্ধ মাছ ধরার জাল উদ্ধারে অভিযান চালানোর সময় জেলে ও এলাকাবাসী কোস্টগার্ড সদস্যদের ওপর চড়াও হলে ওই সংঘর্ষের সূত্রপাত হয়। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লুধুয়া মাছঘাটের একাধিক ব্যবসায়ী দাবি করেন, মার্চ ও এপ্রিল এ দুই মাস মেঘনার ইলিশ অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকলেও মতিরহাট কোস্টগার্ড সদস্যরা জেলেদের কাছ থেকে টাকা নিয়ে মাছ ধরার সুযোগ দিচ্ছিলেন। চাহিদা অনুযায়ী ঘাট থেকে অতিরিক্ত এক লাখ টাকা না দেওয়ায় কোস্টগার্ড সদস্যরা ক্ষিপ্ত ছিলেন। এর জের ধরে গত শনিবার তাঁরা ঘাটে এসে ব্যবসায়ীদের গদিঘর (মাছের আড়ত) ভাঙচুর করেন। আহত অহিদা খাতুন ও মমতাজ বেগম অভিযোগ করে বলেন, গতকাল দুপুরে তাঁদের বাড়িতে পুরোনো জাল মেরামতের কাজ করা হচ্ছিল। এমন সময় কালো পোশাকে কোস্টগার্ডের কয়েকজন সদস্য তা পোড়ানোর চেষ্টা করেন। এতে বাধা দিলে তাঁরা বাড়ির পুরুষ ও নারীদের এলোপাতাড়ি পেটানো শুরু করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে কোস্টগার্ড সদস্যরা গুলি ছোড়েন। গুলিতে আমির হোসেন মাঝি আহত হন।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, আমির হোসেনের গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে কোস্টগার্ড সদস্যদের ধাওয়া করেন। এ সময় কোস্টগার্ড সদস্যরা এলোপাতাড়ি গুলি করতে করতে পিছু হটেন। পরে কয়েক শ লোক ঘাট এলাকায় কোস্টগার্ডের ট্রলার ঘিরে ফেলেন। তখন তাঁরা আবারও গুলিবর্ষণ করেন। এ সময় ১০ জেলে গুলিবিদ্ধ হন।