লক্ষ্মীপুরে খাদ্য বিভাগের জমিতে অবৈধ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর পৌরসভার গোডাউন রোডে খাদ্য বিভাগের প্রায় সাত শতাংশ জমি দখল করে নিয়েছেন প্রভাবশালী এক ব্যক্তি। সেখানে দোকানপাট নির্মাণ করে তিনি ভাড়া দিয়েছেন। অবৈধ দোকানপাট সরিয়ে নিতে খাদ্য বিভাগ গত বুধবার তাঁকে নোটিশ দিয়েছে।স্থানীয় সূত্র জানায়, গোডাউন রোডে খাদ্য বিভাগের এক একর ২৩ শতাংশ জমি রয়েছে। পৌর এলাকার শমসেরাবাদ মহল্লার বাসিন্দা জাবেদ হোসেন মাসখানেক আগে ওই জমিতে দোকান নির্মাণের কাজ শুরু করেন। সরেজমিনে দেখা গেছে, ইতিমধ্যে সেখানে প্রায় সাত শতাংশ জমিতে ১৭টি দোকান নির্মাণ করা হয়েছে। এর আশপাশের বাকি জায়গাও দখলের পাঁয়তারা চলছে বলে সূত্র জানায়। জাবেদ ২০ থেকে ২৫ হাজার টাকা করে অগ্রিম নিয়ে একেকটি দোকান ভাড়া দিয়েছেন। একটি দোকানের ভাড়াটে আনোয়ার জানান, তাঁরা অগ্রিম ২০ থেকে ২৫ হাজার টাকা দিয়ে ঘর ভাড়া নিয়ে ব্যবসা করছেন।খাদ্য বিভাগের লক্ষ্মীপুর কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ইতিমধ্যে অবৈধ দোকানগুলো সরিয়ে নেওয়ার জন্য বুধবার অবৈধ দখলদার জাবেদ হোসেনকে নোটিশ দেওয়া হয়েছে। জাবেদ হোসেন বলেন, ‘এখানে নুরুজ্জামান চোধুরীর কিছু জমি আছে। আমি তাঁদের জমি দেখাশোনা করি। তাই এখানে ঘর করেছি।’জেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা এনামুল হক বলেন, বিষয়টি প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানপাট সরিয়ে নেওয়া না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দোকানপাট উচ্ছেদ করা হবে।