লক্ষ্মীপুরে খাল থেকে আওয়ামী লীগ নেতার বালু উত্তোলন
লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের পুকুরদিয়া বাজারের পাশে খাল থেকে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে বাজারের আশপাশের এলাকার ফসলি জমি ও বাড়ি ভাঙনে হুমকির মধ্যে রয়েছে বলে এলাকাবাসী জানান। এ ঘটনায় সচেতন এলাকাবাসী বালু উত্তোলন বন্ধ করার জন্য জেলা প্রশাসক বরাবর একটি আবেদন দাখিল করেন। লিখিত অভিযোগে মো. সালাহ উদ্দিন, নুর রবী, সিরাজ মিয়াসহ একাধিক ব্যক্তি জানান, কুশাখালী পুকুরদিয়া মৌজার ভেতর পোড়াখালী খাল থেকে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুকুরদিয়া বাজার কমিটির সভাপতি দীন মোহামঞ্চদ সম্প্রতি বালু উত্তোলন শুরু করেন। এতে খালের দুই পাশে কৃষি জমি ও উত্তর পাশে পুকুরদিয়া বাজার পোড়াখালী খালের গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ওই বালু দিয়ে পাশে দোকানের ঘরভিটা নির্মাণ করা হচ্ছে। ড্রেজার মেশিনের মালিক মো. মিলন জানান, তিনি পাঁচ হাজার ঘনফুট বালু উত্তোলন করার চুক্তিতে বালু তুলছেন। প্রতি হাজার ঘনফুট বালু তোলার মূল্য এক হাজার ২০০ টাকা হারে নির্ধারণ করা হয়েছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুকুরদিয়া বাজার কমিটির সভাপতি দীন মোহামঞ্চদ বালু উত্তোলন করার কথা স্বীকার করে বলেন, ‘দোকানঘর নির্মাণের জন্য সামান্য কিছু বালু উত্তোলন করছি। এতে তো দোষের কিছুই দেখি না। তা ছাড়া খালের আশপাশে অনেকে বালু উত্তোলন করছে, তখনো তো কেউ কিছু বলেনি।’ সরকারি জায়গায় দোকানঘর নির্মাণের ব্যাপারে তিনি বলেন, ‘যে স্থানে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। তা আমার নিজস্ব সম্পত্তি।’